রবিবার, জুন ২১, ২০২৬

বগুড়ায় ইদের ছুটিতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন নিহত

সোনার দেশ ডেস্ক ৩১ মে ২০২৬ ০২:৩২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩১ মে ২০২৬ ০২:৩২ অপরাহ্ন
বগুড়ায় ইদের ছুটিতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন নিহত
বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষ, এখানে একজন প্রাণ হারান

বগুড়ায় পবিত্র ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জ, শেরপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পেশার ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। এর মধ্যে তিনটি দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতির মোটরসাইকেলের।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, কাহালু থানার ওসি শফিকুল ইসলাম, নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান, শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন ও কাহালু ফায়ার সার্ভিসের লিডার লাইজু প্রমুখ এসব তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের আজিজার রহমানের ছেলে প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামানিক (৫৬), নওগাঁ সদরের খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফ হোসেনের ছেলে অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজ বাঁশফোড়ের ছেলে প্রেম বাঁশফোড় (২০), বগুড়ার শেরপুর পৌরসভার উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আবু রায়হান (২০), শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২১),  নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের জিতেন্দ্র নাথ মন্ডলের ছেলে হানিফ পরিবহনের সুপারভাইজার উত্তম মন্ডল (৩০), বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ট্রাকের হেলপার  হৃদয় (৩০), ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ইজ্জত আলীর ছেলে ট্রাক হেলপার ইনজামাম (২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে কারখানা শ্রমিক রবিউল আউয়াল জিয়া (৪২)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নে চকহবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামানিক  শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ থেকে বগুড়া শহরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা সদরের লালদহ এলাকায় পৌঁছলে আলু বোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু রাহিম বিজয়, অপূর্ব ও প্রেম বাঁশফোড় প্রাণ হারান। এ সময় দুই জন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা শাফলজানি এলাকায় শেরপুর-ধুনট সড়কে তিনটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু শিক্ষার্থী আবু রায়হান ও তামিম হোসেন নিহত হন। এ সময় আহত বন্ধু রাজন, সিয়াম, হাসান ও ছামিরকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় গত মঙ্গলবার (২৬ মে) রাত থেকে বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার উত্তম মন্ডল, ট্রাকের হেলপার হৃদয়, ট্রাকের হেলপার ইনজামাম ও কারখানা শ্রমিক রবিউল আউয়াল জিয়া নিহত হয়েছেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন