শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে ফায়ার সার্ভিস কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক ২৫ জুলাই ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ জুলাই ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে ফায়ার সার্ভিস কর্মী আহত

রাজশাহীতে প্রশিক্ষণের সময় প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। তার নাম হযরত আলী সরদার (৩৫)। আহত হযরত আলীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ ঘটনা ঘটে। সেখানে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সিটি স্ক্যানের জন্য তাকে হাসপাতালের রেডিওলজি বিভাগে পাঠানো হয়। 

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে হযরত আলী আহত হয়েছেন। তিনি হাঁটতে পারছেন না। সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। 

ঘটনার বিষয়ে জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন পর ফায়ার সার্ভিসের কর্মীদের একটি প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বর্তমানে বাছাই ও প্রশিক্ষণ চলছে। এর অংশ হিসেবে রাজশাহীতে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত মইয়ে ওঠার অনুশীলন চলছিল। হযরত আলী গাড়িচালক হলেও তাকেও মইয়ে ওঠার অনুশীলনে অংশ নিতে বলা হয়। দ্রুত মইয়ে ওঠার সময় প্রায় ৩০ ফুট ওপর থেকে তিনি পড়ে যান বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক মনজিল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বাইরে আছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না। ঘটনা সম্পর্কে জানতে সহকারী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, প্র্যাকটিসের সময় হযরত পড়ে আহত হয়েছেন। গাড়িচালক হয়েও তাঁকে প্রতিযোগিতার প্রশিক্ষণে অংশ নিতে দেওয়া হয়েছিল কি নাÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাকরি করলে সবই করতে হবে।’