বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাজশাহীতে নদী বাঁচাতে দখল-দূষণ বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
রাজশাহীতে নদী বাঁচাতে দখল-দূষণ বন্ধের আহ্বান

নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দখল ও দূষণ বন্ধ এবং নদীনির্ভর মানুষের জীবিকা সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভার বক্তারা। তাঁরা বলেন, নদীর প্রবাহ বাধাগ্রস্ত হলে কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে মানুষের জীবন ও জীবিকার ওপরও।


বিশ্ব নদী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী এনজিও ফোরাম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ‘নদী বাঁচাও, জীবিকা বাঁচাও—প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য ফিরিয়ে আনো’ শীর্ষক সভার প্রতিপাদ্য ছিল ‘প্রবাহ নেই তো নদী নেই, পানি নেই, জীবন নেই!’


সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, নদী শুধু পানির প্রবাহ নয়; মানুষের জীবন, জীবিকা ও প্রকৃতির ভারসাম্যের সঙ্গে এটি গভীরভাবে জড়িত। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। নদী রক্ষায় দখল ও দূষণ বন্ধের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন ও পরিবেশকর্মীদের সম্মিলিতভাবে এগিয়ে আসা জরুরি।


অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) সাধারণ পরিষদ সদস্য ও রুলফাওয়ের নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক মো. হাসিনুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী পানি উন্নয়ন বিভাগের সহকারী প্রকৌশলী রিংকু প্রামাণিক, জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক মোসা. আয়েশা খাতুন, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং এএলআরডির প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান।


আলোচনায় বক্তারা নদীর সঙ্গে মানুষের জীবন ও জীবিকার সম্পর্ক, জলজ পরিবেশ সংরক্ষণ এবং নদীর পানিপ্রবাহ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নদীর দখল ও দূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নদী রক্ষায় সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।


বক্তারা আরও বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা না গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। ঝুঁকিতে পড়বে নদীনির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী ও জলজ পরিবেশ রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।