ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর সোয়া চার লাখ টাকা ছিনতাই
পাবনার ঈশ্বরদীতে পুলিশ পরিচয় দিয়ে সড়কে গাড়ি তল্লাশির নাটক সাজিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই মাছ ব্যবসায়ীর নিকট থেকে মাছ বিক্রির ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের হারুখালি মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ, ভূক্তভোগী দুই মাছ ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। জানা যায়, নাটোরের গুরুদাসপুর এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহীন আলী ও আনিসুর রহমান শনিবার ফরিদপুরের ভাঙ্গায় মাছ বিক্রি করে ঈশ্বরদী হয়ে নাটোরের গুরুদাসপুরে ফিরছিলেন। তারা পাকশী লালন শাহ সেতু অতিক্রম করার পর পাকশী-দাশুড়িয়া মহাসড়কে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তল্লাশি করার নামে তাদের ট্রাক থেকে নামিয়ে তল্লাশি করে ছিনতাইকারিরা। এ সময় ট্রাকের সিটে টাকাভর্তি ব্যাগ নজরে পড়ে তাদের। আনিসুর রহমানকে পাকশীর রূপপুর ফাঁড়িতে নেওয়ার কথা বলে মোটর সাইকেলে তুলে নিয়ে হারুখালি মাঠ এলাকার নির্জন স্থানে আসে তারা। সেখানে তাকে নামিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে তাকে ফেলে মোটর সাইকেল চালিয়ে ছিনতাইকারীরা দাশুড়িয়ার দিকে চলে যায়। এ সময় হারুখালি মাঠের কারওয়াশ দোকান তরিকুল মটরস এর মালিক তরিকুল ইসলাম সরদার এ দৃশ্য দেখতে পেয়ে তাৎক্ষণিক ওই মাছ ব্যবসায়ীকে সাথে নিয়ে তার মোটর সাইকেল চালিয়ে ছিনতাইকারিদের ধাওয়া করে। এসময় রাস্তা পরিবর্তন করায় শেষ পর্যন্ত তাদের ধরতে ব্যর্থ হয় তারা।
ভূক্তভোগী মাছ ব্যবসায়ী মো. শাহিন আলী বলেন, আমরা গুরুদাসপুর থেকে তাজা মাছ ট্রাকে করে নিয়মিত ফরিদপুরের ভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকি। গতকালও (বৃহস্পতিবার) ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে ফিরছিলাম। এসময় রূপপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের ৪ লাখ ২৬ টাকা ছিনতাই করা হয়েছে। প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম সরদার বলেন, আমার দোকানের কাছাকাছি এ ঘটনা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আমার মোটর সাইকেল নিয়ে ছিনতাইকারীদের মোটর সাইকেলের পেছনে ধাওয়া করলেও ছিনতাইকারীদের ধরতে পারিনি। তবে ঘটনার দৃশ্য সিসিটিভির ফুটেজে সবই রেকর্ড আছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ। ওসির ভাষ্য সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের দৃশ্য এবং ছিনতাইকারিদের একজনের মোবাইল নম্বর পাওয়া গেছে, আশা করি দ্রুত তাদের আইনের আওতায় আনা যাবে।