রুফটপ সৌরবিদ্যুতের সম্প্রসারণে প্রয়োজনীয় নীতি ও প্রণোদনার দাবিতে মোবিলাইজেশন কর্মসূচি অনুষ্ঠিত
রাজশাহী ফোরাম ফর ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট (Rajshahi FED)-এর উদ্যোগে এবং পরিবর্তন (Paribartan), রাজশাহী, CLEAN I BWGED -এর সহযোগিতায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে রুফটপ সৌরবিদ্যুতের সম্প্রসারণে প্রয়োজনীয় নীতি ও প্রণোদনার দাবিতে একটি মোবিলাইজেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (২৬ জুলাই) রাজশাহী নগরীর পঞ্চবটি এলাকায় কর্মসূচিতে স্থানীয় জনগণ ও FED সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে প্রতি কিলোওয়াটে ২৫ হাজার টাকা ভর্তুকি প্রদান, প্রতিটি ইউনিয়ন পরিষদে সৌরবিদ্যুৎ বিষয়ক দক্ষ জনবল নিয়োগ, সৌরবিদ্যুৎ খাতে দক্ষ জনবল তৈরির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কার্যকর নীতি ও প্রণোদনা নিশ্চিতকরণ এবং সৌরবিদ্যুৎ-সংক্রান্ত সরঞ্জামাদি আমদানিতে সকল শুল্ক ও কর মওকুফের দাবি উপস্থাপন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন (Paribartan), রাজশাহী-এর পরিচালক রাশেদ রিপন, ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর হাসিবুল হাসান, ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায়, পরিবর্তনের কর্মী সোমা ভৌমিক এবং রাজশাহী FED-এর সদস্যবৃন্দ।
কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সৌরবিদ্যুৎবান্ধব নীতি বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।#