হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সাইদুর রহমানের খোঁজখবর নিলেন আরএমপির মুখপাত্র
উচ্চ রক্তচাপ ও কিডনি জনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান। শনিবার (২৫ জুলাই) বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান পিপিএম।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় হাসপাতালে গিয়ে সাংবাদিক সাইদুর রহমানের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানকে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. নাইমুল ইসলামের (এমবিবিএস) তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, ‘রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান একজন প্রবীণ সাংবাদিক। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে এসেছি। তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য নিয়েছি। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে তাঁর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করছি।’
উল্লেখ্য, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে উদ্বেগ দেখা দেয়। তাঁর সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকেও তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এবিষয়ে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতার কারণে প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজশাহীর মিশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।#