নাটোরে পরকীয়ার জেরে স্বামী হত্যায় প্রেমিক যুগলসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোরের নালডাঙ্গায় পরকীয়ার জেরে স্বামী কালু মিয়াকে হত্যার দায়ে স্ত্রী সালমা বেগম ও তার প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কালুর স্ত্রী সালমা বেগম স্থানীয় আহাম্মদ আলীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বজনদের নানা বাধা নিষেধ সত্ত্বেও তারা এই অবৈধ সম্পর্ক চালিয়ে যায়। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন কালু। গভীর রাতে পরিবারের সদস্যরা সালমার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখতে পান কালুর রক্তাক্ত ও নিথর দেহ। শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখে পরিবারের অভিযোগ ওঠে পূর্বপরিকল্পনা অনুযায়ী সালমা ও তার প্রেমিক আহাম্মদ আলী মিলে কালুকে হত্যা করেছে।
এ খবর পেয়ে নালডাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরবর্তীতে পরদিন ১৬ অক্টোবর নিহতের বৃদ্ধা মা মোছা. আছিয়া বেগম বাদী হয়ে ছেলে হত্যার বিচার চেয়ে নালডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন।
মামলাটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে নাটোরের অতিরিক্ত দায়রা ২য় আদালতে গড়ায়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে পাঁচ বছর পর বিচারক সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং এই রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদিনী আছিয়া বেগম ।