রাবিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন
রাকসু, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রলীগ কর্মীর মধ্যে হওয়া মারামারির ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার পূর্বাপর তথ্য উৎঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদানের জন্য প্রফেসর মো. রেজাউল করিম-২কে (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হচ্ছেন প্রফেসর মো. গোলাম ছাদিক (ফার্মেসী বিভাগ), প্রফেসর মো. আসাদুল হক (ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রফেসর মো. আরিফুল ইসলাম (দর্শন বিভাগ) ও প্রফেসর এ নাঈম ফারুকী (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ)।
তদন্ত কমিটিকে যথাশীঘ্র সম্ভব প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।