‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি
রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী বিলকুমারি-বিলজোয়ানা, যা সরকারিভাবে গত বছরের ৭ মে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষিত হয়েছে, সেই সংরক্ষিত এলাকার কার্যকর ব্যবস্থাপনা, আইনের বাস্তবায়ন এবং জলজ প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে তানোর উপজেলার গোকুল-মথুরা গ্রামের বিলপাড়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক), গ্রীণ কোয়ালিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত জনসমাবেশে পরিবেশবিদ, কৃষক, মৎস্যজীবী, যুব প্রতিনিধি, গবেষক, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও পরিবেশ আন্দোলনকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বিলকুমারি-বিলজোয়ানা উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মিঠাপানির জলাভূমি। এটি দেশীয় মাছ, জলচর পাখি, উভচর প্রাণী, সরীসৃপ, জলজ উদ্ভিদ এবং অসংখ্য জলজ জীবের নিরাপদ আবাসস্থল। একই সঙ্গে বিলটি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই এই বিলের জীববৈচিত্র্য রক্ষা করা শুধু পরিবেশগত দায়িত্ব নয়, টেকসই উন্নয়নেরও অপরিহার্য শর্ত।