রাবির সেই দুই শিক্ষার্থীকে ‘ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম’ মামলায় গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কার্যালয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ দুই নেতার ওপর সাবেক ছাত্রলীগ কর্মীর হামলার অভিযোগকে কেন্দ্র করে পাল্টা হামলা করেন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। পাল্টাপাল্টি এ হামলাকে কেন্দ্র করে রাকসুর পক্ষ থেকে যে তিনজনকে ছাত্রলীগকর্মী বলে অভিযোগ করা হয় তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের ‘সন্ত্রাসী কার্যক্রম’–সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস ও মাহমুদুল হাসান। সোমবার (২৭ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করে মতিহার থানার পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আগে করা একটি মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।