শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ‘রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০২৬” উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৬ ১১:০০ অপরাহ্ন
নগরীতে ‘রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০২৬” উদ্যাপিত

রাজশাহী নগরীতে ‘রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০২৬’ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলা ভাষাকে বিশ্বদরবারে নিয়ে গেছেন রবীন্দ্রনাথ, পুরো ভারতবাসিকে উজ্জীবিত করেছেন নজরুল। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহিদুল ইসলাম। প্রবন্ধকার বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের যে স্বপ্ন ছিল তা ব্যক্তিগত স্বপ্ন নয়, ছিল সমষ্টিগত। বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে তাঁদের ভূমিকা অংকের হিসাব দিয়ে দেখানো সম্ভব নয়। একই বৃন্তে দুটি কুসুম রবীন্দ্রনাথ ও নজরুল, দুই মহান ব্যক্তি বাঙালি জাতি ও বাংলার গর্বের ধন্য। 


প্রবন্ধের ওপরে আলোচনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর আরিফ আহম্মদ জুফি। নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার বলেন, সৌন্দর্যকে দেখার চোখ খুলে দিয়েছেন রবীন্দ্রনাথ, সব আন্দোলনে যিনি প্রাসঙ্গিক তিনি নজরুল। নজরুল তাঁর জীবনে-কর্মে-সাহিত্যে উদারতার পরিচয় দিয়েছেন। তিনি মানবকে সকলের উপরে স্থান দিয়েছেন। বাঙালি মননে, সাহিত্যে তাঁরা অমর।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ রাশেদ করিম। আরো উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের আহ্বায়ক মাহফুজা খাতুন, সহযোগী অধ্যাপক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এম.মুস্তাফিজুর রহমান ও নুসরত সাইদা সুলতানা, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ।