শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএমডিএ’র চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ জুলাই ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএমডিএ’র চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন। বুধবার (২৯জুলাই) দুপুরে ঢাকা সচিবালায়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।


প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, উত্তরাঞ্চলের সেচ সংকট নিরসন এবং কৃষি উন্নয়নে গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।


বিএমডিএ চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে পানির সংকট ও সেচ সমস্যার মুখোমুখি। একসময় এ অঞ্চলে এক ফসল চাষ হতো। বর্তমানে কৃষি উৎপাদন বৃদ্ধি পেলেও সেচের চাহিদা পূরণে ভূ-উপরিস্থ পানির ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।


তিনি বলেন, “ডাবল লিফটিং পদ্ধতির মাধ্যমে মহানন্দাসহ বিভিন্ন নদী থেকে পানি উত্তোলন করে খালে সরবরাহ করা হবে। পরে সেই খাল থেকে পুনরায় পানি উত্তোলন করে কৃষিজমিতে সেচ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পানির চাহিদা পূরণ হবে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। মহানন্দা নদী থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ অঞ্চলের খালে পানি পৌঁছে দিয়ে কয়েক লাখ একর কৃষিজমিতে সেচ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। “বিএমডিএর পক্ষ থেকে প্রায় ২ হাজার কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প এবং প্রায় ১০ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।


এসব প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার কৃষক উপকৃত হবেন, সেচ সংকট কমবে এবং দেশের কৃষি উৎপাদন আরও সমৃদ্ধ হবে।” বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। দ্রুত প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন হলে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রধানমন্ত্রী সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।