নিয়ামতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে অনাধিকার প্রবেশ করে প্রাচীর নির্মাণের চেষ্টা
নওগাঁর নিয়ামতপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে বাড়ির ভেতরে জায়গা দখলের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী বলেন, দীর্ঘদিন ধরে বীর-মুক্তিযোদ্ধা সাইফুদ্দিনের সঙ্গে তার নিকটাত্মীয় এমদাদুল হকের ৩ ডিসমেল জমি মুক্তিযোদ্ধার বাড়ির মধ্যে তিনি পাবেন বলে জানিয়েছেন। বিপরীতে অন্য জায়গায় জমি দিয়ে রেখেছিলেন মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন।
মুক্তিযোদ্ধা মারা যাবার পর ছেলে আনোয়ার হোসেন রিজভী উত্তরাধিকার সূত্রে জমিজমা নিয়ন্ত্রণ করে আসছিলেন। তিনি চিকিৎসার জন্য ঢাকাতে অবস্থান করাকালীন সময়ে তারা জমিজমা সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদে সালিশ দেন। চিকিৎসা শেষে এসে সালিশে বসতে চেয়েছিলেন আনোয়ার হোসেন রিজভী।
বৃহস্পতিবার দুপুরে এমদাদুল হক আনোয়ার হোসেন রিজভীর অনুপস্থিতিতে সীমানা প্রাচীর ভেঙে বাড়ির ভেতরে নতুন করে সীমানা প্রাচীর তৈরি করছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন।
ড. আনোয়ার হোসেন রিজভী বলেন, আমার অনুপস্থিতিতে এমন ঘটনা মেনে নেওয়ার মতো না। আমি বাড়িতে এসে তাদের সাথে মীমাংসার কথা বলেছিলাম। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
তবে এমদাদুল হক দাবি করেন, আমাদের প্রাপ্য জমি আমরা নেওয়ার জন্যই সীমানা প্রাচীর তৈরি করছিলাম।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।