রাজশাহীতে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা
রাজশাহীতে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার অঙ্গীকার করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ বৃহস্পতিবার (৩০ জুলাই) এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করে। এতে রাজশাহীতে কর্মরত ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৬ জন প্রতিনিধি অংশ নেয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। এতে দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতকরণে সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন অভীষ্ট ও এর লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এবং তথ্য অধিকার আইনের প্রয়োগ, বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক, রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়েস উপ-কমিটির আহ্বায়ক রাশেদ ইবনে ওবায়েদ (রিপন)। আরো বক্তব্য রাখেন টিআইবি রংপুর অঞ্চলের ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসনের সাথে দুর্নীতিবিরোধী অবস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুর্নীতি থাকলে সেখানে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। একই সাথে রাষ্ট্র, সরকার ও সকল প্রতিষ্ঠনে সুশাসন নিশ্চিত করা গেলে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি দুর করা সম্ভব। দুর্নীতি বাংলাদেশের প্রধান শত্রু। স্বচ্ছ, জবাবদিহি ও সুশাসন ভিত্তিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি, সংগঠন ও সমাজের সকল পর্যায়ে শুদ্ধাচার চর্চার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা এখন সময়ের দাবি। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, গোল্ড বাংলাদেশ, বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা, স্বনন, ইচ্ছা থেকে শুরু স্বেচ্ছাসেবী সংস্থা, সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা, আদিবাসী যুব পরিষদ, বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বহ্নিশিখা, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন, নবজাগরণ ফাউন্ডেশন, ছোট্ট স্বপ্ন, রোভার স্কাউট গ্রুপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ক্যাব ইয়ুথ, বিডি ক্লিন, স্বচ্ছলতা অ্যাসোসিয়েশন, আমার বাংলা তরুণ সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনার ডেভোলপমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতৃবৃন্দ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।