শনিবার, আগস্ট ২২, ২০২৬

অটোরিকশার ভাড়া ৩ থেকে ৫ টাকা বাড়াতে চায় চালকরা

নিজস্ব প্রতিবেদক ০১ আগস্ট ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ আগস্ট ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন
অটোরিকশার ভাড়া ৩  থেকে ৫ টাকা বাড়াতে চায় চালকরা

রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি করতে চাচ্ছে মালিক ও চালকরা। দূরত্ব অনুযায়ী ৩ থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনা দেওয়া হয়েছে রাজশাহী সিটি করপোরেশনকে। রাসিকের অনুমোদন পেলে এই মাসের মাঝামাছি থেকে ভাড়া বৃদ্ধি পাবে। 


শুক্রবার (৩১ জুলাই) নগরীর শিরোইল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশাভ্যান অটোচালক দল। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিক্সাভ্যান অটোচালক দলের আহ্বায়ক মাইনুল হক মানা। তিনি বলেন, আমরা সিটি করপোরেশনের প্রশাসক, সচিব ও রাজস্ব বিভাগের সঙ্গে আলোচনা করেছি। এছাড়াও ভাড়া বৃদ্ধির দাবিতে তাদের স্মারকলিপিও দেওয়া হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন এই বিষযে সিদ্ধান্ত নেবেন। আমরাও তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।  


তিনি বলেন, প্রায় ১১ থেকে ১৬ বছর ধরে অটোরিকশার ভাড়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। দীর্ঘদিন ধরে ৫ টাকা ভাড়াতেই চালকদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। বর্তমান বাজারদরে এই আয়ে সংসার চালানো এবং ছেলেমেয়েদের মুখে দু’মুঠো ডাল-ভাত তুলে দেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টির দিনেও রিকশায় রিজার্ভ ভাড়া ৩০ টাকা বা ৫০-৬০ টাকার বেশি পাওয়া যায় না, যা চালকদের জন্য অত্যন্ত হতাশাজনক। এই মানবিক দিকটি বিবেচনা করেই নতুন ভাড়ার তালিকা প্রণয়ন করা হয়েছে।


তিনি বলেন, আমরা এই নগরীর সন্তান। অতিরিক্ত ভাড়া বাড়িয়ে কারও কাছে বোঝা তৈরি করতে চায় না। আমাদের যাত্রীরা হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষরা। দীর্ঘ ১৬ বছর থেকে ভাড়া চলে আসছে। আমরা দূরের ভাড়া অপরিবর্তিত রাখছি। শুধু ৫ টাকার ভাড়া ৮ টাকা আর ১০ টাকা করা হচ্ছে। এছাড়াও যেসব যায়গায় ১২ টাকা ভাড়া ছিল তা ১৫ টাকা করা হচ্ছে। এছাড়াও কিছু রাস্তায় ১৫ টাকার ভাড়া ২০ টাকা ২০ টাকার ভাড়া ২৫ টাকা করা হবে। 


তিনি আরও বলেন, কিন্তু কেউ যদি এক কিলোমিটারের মধ্যে নেমে যায় সে ৫ টাকা ভাড়া দেবে। সাহেববাজার থেকে কেউ যদি জাদুঘর মোড় বা ফায়ার সার্ভিস ও ঘোষপাড়া মোড়ে নেমে যান তাহলে ৫টাকা দেবেন। আমরা এক কিলোমিটারের মধ্যে ৫ টাকা নেব দুই কিলোমিটার হলে ৮ টাকা নেব। তবে কারও উপরে জুলুম করে ভাড়া আদায় করবো না। এর আগে সকল যাত্রীকে আমরা জানিয়ে দেব ভাড়া বৃদ্ধির কথা। সিটি করপোরেশন যদি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তারাও প্রচার চালাবে।


এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন রিকশাভ্যান অটোচালক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গোপাল কুমার বাবুল, আলম হোসেন, মিনারুল ইসলাম, বাদশা রাশেল অনু প্রমুখ।