নাটোরে গনভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের গণমিছিল
নাটোরে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন,আইন শৃঙ্খলার চরম অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জেলা জামায়াতের আয়োজনে গণমিছিল ও সমাবেশ করেছে।
শনিবার সকাল দশটায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জামায়াতের উদ্যোগে একটি গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাউল পট্টি চত্বরে গিয়ে শেষ হয়।
এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম, শহর আমীর রাশেদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারী দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
বক্তারা আরো বলেন, বিএনপি সরকার গঠনের পর তেল,গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ও আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ ।
আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, নাহলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত পরিনতি করবে।
বক্তারা আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য দেশপ্রেমিক ও মুক্তিকামী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন তেল, গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।