শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধিদের সংগঠন ডিআইএস ইউনিটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ০২ আগস্ট ২০২৬ ১২:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ আগস্ট ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধিদের সংগঠন ডিআইএস ইউনিটের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) -এর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমান সুযোগ এবং ক্ষমতায়নের লক্ষ্যে নতুন একটি কার্যক্রমের সূচনা হলো।


শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সিরাজী ভবনের সেমিনার রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিটটির উদ্বোধন ঘোষণা করেন।


বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সুযোগ-সুবিধায় সমঅধিকার নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, উন্নয়ন সংস্থা ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস)-এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি এস. এম. ফেরদৌস আলম বলেন, ‘প্রতিবন্ধকতামুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন’ এই লক্ষ্যকে সামনে রেখে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন, শিক্ষা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে।


তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দক্ষ, আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিবন্ধী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন, স্মার্ট সাদা ছড়ি (হোয়াইট ক্যান), চিকিৎসা সহায়তা এবং শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। এসব সহায়তা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত, স্বাধীন চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল জীবন গঠনে সহায়ক হবে বলে আয়োজকদের প্রত্যাশা।


এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) একটি অলাভজনক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। ‘প্রতিবন্ধকতামুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন’ -এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, সহায়ক প্রযুক্তি প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিআইএস-এর নতুন ইউনিটের যাত্রাকে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।