শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৩ আগস্ট ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৩ আগস্ট ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অভিযুক্ত সুমন তার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার দুই ছেলেকে কুপিয়ে জখম করে পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মন্ডলের ছেলে। সোমবার সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের বাড়ির নিকটে তার মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় দোকানের মধ্যে খুট-খাট শব্দ পেয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলে ঘরের বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলে শাকিল হোসেন ও সাহাব উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। তাদের আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দোকানি হবিবুল ইসলাম ও তার দুই ছেলে শাকিল হোসেন ও সাহাব উদ্দিনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। গতকাল সোমবার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।