রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু অন্যজন আইসিইউতে
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় কুদরিন সার্গেই (৫৬) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩ আস্ট) গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কুদরিন সার্গেই রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম জি আলট্্রাসোনিক টেষ্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। অন্যদিকে আইসিইউতে ভর্তি অন্য রুশ নাগরিকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের বরাতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গ্রিনসিটি থেকে পাবনা এসআরটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনায় আহত অন্যজনকে পাবনার এসআরটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি বলেন, দুজন একই প্রতিষ্ঠানে চাকরি করলেও আহত ব্যক্তির নাম জানা যায়নি। নিহত ব্যক্তির ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।