নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, সাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমববার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে আশিক (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও একই তারিখ রাত আনুমানিক ১২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্ডিপুর গ্রামের মো: আব্দুস সালামের ছেলে বর্তমানে আইডি বাগানপাড়ায় বসবাসরত মো: মারুফ হোসেন (২৪)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।