তানোরে হামলার ঘটনায় মামলা, আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের নারায়ণপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনায় করা মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলায় গুরুতর আহত নুরশাদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গত শনিবার (১ আগস্ট) এ ঘটনায় এরশাদ আলী তানোর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। মামলার বাদী ও আহত নুরশাদ আলীর ভাই এরশাদ আলী অভিযোগ করেন, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার দুপুরে আটজনের নাম উল্লেখসহ কয়েকজন তাঁদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। ছোট ভাই নুরশাদ আলী তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় ঘরে থাকা প্রায় এক ভরি স্বর্ণালংকার ও ব্যবসার পাঁচ লাখ টাকা নিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাদীর অভিযোগ, ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী কয়েকজন অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেও তাঁদের থানায় নেওয়ার আগেই ছেড়ে দেওয়া হয়। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তবে তাঁরা বাড়িতে না থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।