শনিবার, আগস্ট ২২, ২০২৬

লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর (নাটোর) প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, কুত্তাগাড়ি ও চার্জার ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বুধবার (৫ আগস্ট) ভোরে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে এবং আহতরা হলেন, রহিমপুর বাবু (৪০) ও সাজদার (৫০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে লালপুর থেকে চারজন শ্রমিক একটি চার্জার ভ্যানে করে ঈশ্বরদীতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্স চার্জার ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কুকুরবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।


সংঘর্ষে চার্জার ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইয়ারুল নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত দুজনকে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।