শনিবার, আগস্ট ২২, ২০২৬

নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বগুড়া প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৫ আগস্ট ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বগুড়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনার সরকারের পতনকে স্মরণ করতে নানা কর্মসূচীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।


বুধবার (৫ আগস্ট) সকালে বগুড়া মহানগরীর সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিএনপি ও বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এসময় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, এনসিপির জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক নেতা এস এম আবু সাইদ, সিনিয়র সাংবাদিক আবদুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে মহানগরীর সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।


শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, জুলাই শহীদদের অবদান ভুলে যাবার নয়। তাদের আত্মত্যাগের জেরেই আজকের বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় সংসদে জাতির প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন।


এরপর দুপুরে মহানগরীর শহীদ টিটু মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত বীর যোদ্ধাগণ সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানকে তাৎপর্যমণ্ডিত করে তোলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।