শনিবার, আগস্ট ২২, ২০২৬

সবজি ও মুরগির চড়া, কমেছে কাঁচামরিচের দাম

নিজস্ব প্রতিবেদক ০৮ আগস্ট ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ আগস্ট ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
সবজি ও মুরগির চড়া, কমেছে কাঁচামরিচের দাম

বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও কমছে না দাম। কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজি বেশি দামে বিক্রি হচ্ছে। তবে এই সপ্তাহে কমেছে কাঁচামরিচের। ৩০০ টাকার মরিচ এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  


শুক্রবার (৭ আগস্ট) রাজশাহী মহানগরীর সাহেববাজার, শালবাগান, ভদ্রা ও সাগরপাড়া ঘুরে এমন চিত্র দেখা গেছে। গেল সপ্তাহে বৃদ্ধি পাওয়া প্যাকেটজাত ও খোলা পোলাওয়ের চালের দাম এখনো কমেনি। মাছের বাজারেও রয়েছে চড়া দাম।


নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর কথা বলা হলেও বাজারে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতি হালি মুরগির সাদা ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকা ও লাল ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। এছাড়াও দেশি মুরগি ও হাসের ডিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। 


কাঁচামরিচের দাম হঠাৎ বেড়ে কেজিপ্রতি ৩০০ টাকায় পৌঁছায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। আমদানি শুরু হলে দাম কমে ১৮০ থেকে ২০০ টাকায় নেমে আসে। শুক্রবারে এই দামে বিক্রি করতে দেখা গেছে।


বাজারের এক সবজি বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে প্রতি বছর এই সময়ে কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সবজির সরবরাহ কমে গেছে। তাই দাম কমছে না। কাঁচামরিচের দাম সামনে আরও বাড়তে পারে।


বেগুন ১০০ থেকে ১৮০ টাকা, শসা মান ভেদে ৬০ থেকে ১২০, করলা ৬০ থেকে ৮০, পটল ৬০ গাজর ১০০ থেকে ১২০, টমেটো ১৬০, ঝিঙা ও ধুন্দুল ৬০ টাকা কাঁকরোল ৮০ এবং কাঁচা পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। 


পেঁয়াজের দামও ৬০ টাকা কেজিতেই রয়েছে। আদা ১৭০ থেকে ১৮০ টাকা, দেশি রসুন ১০০, চায়না রসুন ১৪০ থেকে ১৬০ এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


গেল সপ্তাহে বাড়া প্যাকেটজাত পোলাওয়ের চালের দাম এখনো অপরিবর্তিত রয়েছে। স্কয়ার গ্রুপের চাষী, আকিজ, প্রাণসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত পোলাওয়ের চাল কেজিপ্রতি ২২০ থেকে ২৩০ টাকা এবং খোলা চালের কেজি প্রায় ২০০ টাকায় বিক্রি হচ্ছে।


ক্রেতা আইয়ুব আলী বলেন, বাজারের অবস্থা খুবই খারাপ। প্রায় সব পণ্যের দাম বাড়ছে, কিন্তু তা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।


বর্তমানে মিনিকেট চাল ৬৫ থেকে ৮৫ টাকা, আটাশ চাল ৬০ থেকে ৬৫ এবং মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 


ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সবজি ও মুরগির মতো মাছের বাজারেও চড়া দাম অব্যাহত রয়েছে। তেলাপিয়া মাছ আকারভেদে ২২০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ এবং রুই-কাতলা ৩৬০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  চিংড়ি, কাজলি, ট্যাংরাসহ বিভিন্ন নদীর মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।