লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলে তল্লাশি চালানোর সময় তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- গাইবান্ধার আহসান হাবীব (৪৫), তাঁর স্ত্রী আরফিনা বেগম (৩৪) এবং লালপুর উপজেলার রাজিব শেখ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গোপালপুর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আরোহী আহসান হাবীব ও আরফিনা বেগমের কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজিব শেখকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।