শনিবার, আগস্ট ২২, ২০২৬

খাবারের সন্ধানে লোকালয়ে দলছুট ‘মুখপোড়া’ হনুমান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৮ আগস্ট ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৮ আগস্ট ২০২৬ ১০:২২ অপরাহ্ন
খাবারের সন্ধানে লোকালয়ে দলছুট ‘মুখপোড়া’ হনুমান

খাবারের সন্ধানে একটি দলছুট ‘মুখপোড়া’ হনুমান পাবনার ঈশ্বরদীর লোকালয়ে এসেছে। শনিবার (৮ আগস্ট) হনুমানটিকে কখনো ঈশ্বরদী বাজারের কোন দোকানে এবং কখনো ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনের ফুটওভার ব্রিজের সিঁড়ি ও পাটাতনে বসে থাকতে দেখা যায়। 


প্রত্যক্ষদর্শীরা বলেন, হনুমানটিকে বেশ দুর্বল দেখাচ্ছিল। তার আচরনে তাকে ক্ষুধার্তও মনে হচ্ছিল। স্টেশনের ওভারব্রিজ দিয়ে স্টেশনে যাওয়ার সময় হনুমানটিকে সিঁড়ির ওপরে বসে থাকতে দেখে অনেক পথচারি তাকে কলা, পাউরুটি দিলে সে তা গ্রহণ করে সেখানে বসেই খেয়েছে। এসময় অনেকে ভয়ে হনুমানটির কাছে যেতে না চাইলেও কেউ কেউ তার কাছাকাছি গিয়ে খাবার এগিয়ে দেয়। এ সময় হনুমানটি শান্ত আচরণ করে।


পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক মনিরুল ইসলাম বাবু বলেন, আমি নিজেও স্টেশনে যাওয়ার সময় হনুমানটিকে দেখেছি। তার ভাষ্য, ক্ষুধার্ত হয়ে খাবারের সন্ধানে হনুমানটি জঙ্গল থেকে লোকালয়ে এসে থাকতে পারে। অনেকটা বিরল প্রজতির এই বন্য প্রাণিটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিৎ।


এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, হনুমানটির কথা আমিও শুনেছি। কেউ হনুমানটিকে ধরে আমাদের নিকট এনে দিলে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাকে তার নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি।