রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বিএনপির
‘একটি চারা, একটি স্বপ্ন-বাংলাদেশ হবে সবুজে আচ্ছন্ন’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রাজশাহী নগরীর মতিহার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের এই চারা বিতরণ করা হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে নগরীর মেহেরচণ্ডী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশীদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষার এ উদ্যোগকে জনসম্পৃক্ত করতে ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন আক্তার সাঈদ, মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমএস রানা, মতিহার থানা যুবদলের সাবেক আহ্বায়ক রেজাউল করিম, ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ইয়ার মাহমুদ নিটুল এবং মতিহার থানা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈমুর রহমান দুর্জয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।