ভরা মৌসুমে পদ্মায় মিলছে না মাছ, হতাশ জেলেরা
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ভরা মৌসুমে জেলেদের জালে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। মাছের অভাবে খাঁখাঁ করছে আড়ত, জেলেরা হতাশ। খরচ করে পদ্মায় মাছ ধরতে যাচ্ছেন, সেই টাকা তুলতে পারছেন না জেলেরা। বাঘা পদ্মা নদীর ধারে আড়তে মাছ নেই। যা মিলছে তার দামও বেশি।
পদ্মায় নৌকা নিয়ে নামলেও অধিকাংশরাই ফিরছেন খালি হাতে। দুই/এক কেজি, মিললেও তা দিয়ে জ্বালানি, বরফ, শ্রমিকের মজুরি খরচ উঠছে না। ফলে অনিশ্চয়তায় দিন কাটছে জেলেদের। আগের তুলনায় শতকরা ১০ শতাংশ মাছও ধরা পড়ছে না। দামও চড়া। মাছ না পেয়ে জেলেরা নৌকা সারিবন্ধভাবে মীরগঞ্জ ঘাটে বেধে রেখেছেন।
আশানুরূপ মাছ ধরা না পড়ায় জেলেদের কপালে ভাঁজ পড়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার পদ্মা নদীর মীরগঞ্জ ঘাটে গিয়ে দেখা যায়, মাছ না পেয়ে জেলেরা মন খারাপ করে বসে আছেন। ঘাটে অলস সময় পার করছেন।
জেলে লুৎফর রহমান ও ওলিউর রহমান বলেন, ঋণ করে জাল-নৌকা বানিয়েছিলাম। মাছ বিক্রি করে ঋণ শোধ করব। কিন্তু মাছ না পাওয়ায় খরচের টাকা উঠছে না। ঋণের বোঝা মাথায় নিয়ে চরম হতাশার মধ্যে রয়েছি।
মীরগঞ্জ পদ্মা নদীর ঘাটের ৬ তারা মাছের আড়তদার লাল চাঁদ বলেন, এবার দশ ভাগের এক ভাগও মাছ উঠছে না। পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি। কীভাবে পরিবার চালাব বুঝতে পারছি না। ঋণের টাকা কীভাবে শোধ করব ভেবে পাচ্ছি না।