চাঁপাইনবাবগঞ্জের র্যাবের অভিজানে বিদেশি জালনোটসহ দুজন আটক।
চাঁপাইনবাবগঞ্জে শনিবার গভীর রাতে র্যাব ৫ এর অভিযানে বিদেশি মুদ্রা (জাল নোট) তৈরির সরঞ্জামসহ দুই জন আটক হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৮ আগস্ট) দিবাগত গভীর রাতে কয়েক ঘণ্টার অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে। তবে মূলহোতা এখনো গ্রেফতার হয়নি।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
তিনি আরও বলেন, র্যাবের একটি ইন্টেলিজেন্স টিমের নিশ্চিত সংবাদের ভিত্তিতে পৌরসভার আরামবাগ-বালুবাগানের তিন তলাবিশিষ্ট একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।
র্যাব কর্মকর্তা আরও বলেন, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুতই তাকে গ্রেফতার করতে পারবো।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।