বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩
বগুড়ায় ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩জন আহত হয়েছে।
এ ঘটনার ২দিন আগে শুক্রবার (৭ আগস্ট) মহানগরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার এরুলিয়া এলাকায় সকালে সড়ক দূর্ঘটনায় ৭জন শ্রমিক নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। একই দিন একই স্থানে বিকালে স্থানে প্রাইভেট ও মোটর সাইকেলে ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী ২জন মারা গেছে। দুইদিনের ব্যবধানে মহানগরের এরুলিয়া ও ছিলিমপুর এলাকায় পৃথক দুটো সড়ক দূর্ঘটনায় সবমিলিয়ে মোট ১২জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোট ২০জন।
রবিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
নিহত ব্যক্তিদের মধ্যে-বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর পাড়ার আনন্দ সরকারের ছেলে তাপশ সরকার (৩৫) এবং তার ছেলে তীব্র সরকারের (১৮) পরিচয় পাওয়া গেলেও নিহত অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহতরা হলেন-বগুড়া সদরের ঝোপগাড়ি দক্ষিণপাড়ার আব্দুল মালেক (৩৫), দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের লোকমান হাকিমের ছেলে নুর ইসলাম (২২) এবং একই এলাকার মো. আলম (২৫)।
জানা গেছে, রবিবার ভোরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে পড়ে। চালক ও সহকারী ট্রাকটির চাকা মেরামতের কাজ করছিলেন। সকাল ৬টার দিকে রংপুরগামী অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। একটি ট্রাকের কেবিন পুরোপুরি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়।
এ প্রসঙ্গে কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে তিনজন নিহত হন। নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।