‘আমাদের অধিকার নিশ্চিত করলেই হবে প্রকৃত উন্নয়ন’
শ্যামলী কিস্কু আন্তর্জাতিক আদিবাসী দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করে হাঁটছিলেন আর বলছিলেন, আমাদের অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব না।
প্রতিবেদককে তিনি বলেন, আমাদের দাবিগুলো নায্য, যারমধ্যে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের বসবাসরত আদিবাসীদের স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করা খুবই জরুরি, ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা বাস্তবায়ন করতে হবে, সারাদেশে আদিবাসীদের উপর অত্যাচার, নির্যাতন, ঘরবাড়িতে হামলা, ভূমি দখল, অগ্নিসংযোগ, মন্দির-গীর্জা ভাংচুর, ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে। তাহলেই কেবল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদের দাবিগুলো যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত বিবেচনা করে বাস্তবায়ন করলে ভবিষ্যতের বাংলাদেশ আরও সুদৃঢ় হবে।
দিবসটি উপলক্ষে রোববার (০৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি নগেন কুজুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমূখ।
আলোচনা সভা শেষে আদিবাসীদের কৃষ্টি, ইতিহাস ও সংস্কৃতির ওপর নৃত্য পরিবেশন করেন আগত বিভিন্ন
গোষ্ঠীর সদস্যরা।