মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চেম্বার নেতৃবৃন্দের গাছের চারা বিতরণ
রাজশাহী নগরীর দারুল উলুম আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর তালাইমারিতে অবস্থিত মাদ্রাসায় গাছের চারাও রোপন করেন ব্যবসায়ী নেতারা।
‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর দ্বিতীয় ধাপ পালিত হয়। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালনা পর্ষদের সদস্যরা মাদ্রাসা চত্বরে বেশ কিছু মেহগনি ও ফলদ গাছের চারা রোপণ করেন।
চেম্বারের নেতারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও সবুজ-পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীজুড়ে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন চলছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তীব্র তাপদাহ থেকে নগরীর পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নেয় সংগঠনটি।
আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য ১৫০টি মেহগনি ও বিভিন্ন প্রজাতির ফলের চারা তুলে দেওয়া হয়। চেম্বারের প্রতিনিধিরা জানান, কর্মসূচির আওতায় নগরীর প্রধান প্রধান সড়ক, বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার খালি জায়গায় গাছের চারা রোপণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুন, পরিচালক রেজাউল করিম, হাসিবুল আলম, কামরুজ্জামান ও রুহুল আমিন।