হোটেল ও রেস্তোরাঁয় শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
হোটেল ও রেস্তোরাঁয় নিম্নতম মজুরি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’। রাজশাহী জেলা কমিটির উদ্যোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক এবং রাজশাহী জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
রোববার (৯ আগস্ট) সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর অপর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। কর্মসূচিতে রাজশাহীর স্থানীয় শ্রমিকদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মিঠুন। সমাবেশ থেকে রাজশাহী বিভাগ ও বিভিন্ন জেলার দায়িত্বশীল নেতা ও শ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, একই দেশে দুই ধরনের আইন ও বৈষম্যমূলক ব্যবস্থা পরিহার করে ‘মজুরি-দাসত্ব’ ব্যবস্থা উচ্ছেদ করতে হবে। শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হলে অবিলম্বে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং সর্বনিম্ন মজুরির গেজেট পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এর জন্য দেশের সকল শ্রমিক সংগঠনকে একত্রিত হয়ে রাজপথে সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তারা।