কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদী স্টেশনে কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন
রাজশাহী, পাকশী, খুলনা, আখাউড়া, রাজবাড়ি, শান্তাহার, পার্বতীপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন রেলওয়ে ষ্টেশনে কর্তব্যরত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারিদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে বাংলাদেশ রেলওয়ের ‘সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। পথসভায় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ট্রেনে ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের টিকেট করার কথা বললে তারা সংঘবদ্ধ হয়ে ট্রেনের মধ্যেই মব সৃষ্টি করে। কর্মকর্তা-কর্মচারিদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। আমরা বাধ্য হয়ে সর্বস্তরের রেলওয়ের কর্মকর্তা-কর্মচারিরা ঐক্যবদ্ধ হয়ে ষ্টেশনে সমবেত হয়েছি।
রাজশাহীর টিটিই ইন্সপেক্টর আব্দুল আলীম বিশ্বাস মিঠু বলেন, গত ৭ আগষ্ট বাংলাদেশ রেলওয়ের প্রধান বানিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম পশ্চিম) আহসান উল্লাহ ভূঁইয়ার ওপর রাজশাহী রেলওয়ে ষ্টেশনে হামলা চালিয়ে তাকে মারধর করা হয়। আমরা এ ঘটনার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। ট্রেন পরিচালক ইকবাল হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন পরিচালনা করার সময় যদি বিনা টিকেটের যাত্রীদের দ্বারা আমাদের হয়রানীর শিকার হতে হয় তাহলে আমরা দায়িত্ব পালন কীভাবে করবো।
অয়োজিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ডস কাউন্সিলের সভাপতি মো. জিয়া উদ্দিন। বক্তব্য দেন ট্রেন পরিচালক জাকারিয়া সরকার, জুলহাস উদ্দিন, সাইফুল ইসলাম, সাহেদ রহমান, সিনিয়র টিটিই মো. মামুন মিয়া, ঈশ্বরদীর স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) মা. মনিরুজ্জামান প্রমুখ। মানববন্ধন ও পথসভার আগে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন প্লাটফরমে কর্মকর্তা-কর্মচারিরা বিক্ষোভ প্রদর্শন করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।