নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার নিউ কলোনী হাজরা পুকুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মো: মিঠুন (৩২) এবং একই থানার ছোট বনগ্রাম (হাউজিং কোয়াটার্স) গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ফজলে রাব্বী (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় মিঠুনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ফজলে রাব্বীর হেফাজত থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি সোমবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মালদা কলোনী গ্রামের ঈদগাহ মাঠে অভিযান পরিচালনা করে বখতিয়ারবাদ মালদা কলোনী গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে মো: শাকিব খান (১৯)-কে গ্রেপ্তার করে। এ সময় শাকিবের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।