রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাগমারা ও শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দু’জনের আত্মহত্যা

বাগমারা ও শিবগঞ্জ প্রতিনিধি ১০ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা ও শিবগঞ্জ প্রতিনিধি ১০ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
বাগমারা ও শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দু’জনের আত্মহত্যা

রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই মেয়ে আত্মহত্যা করেছে।


বাগমারা উপজেলায় এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হয়ে কারিনা পাল নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কারিনা পাল । 


জানা যায়, গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন এর মেয়ে চান্দের আড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। সোমবার (১০ আগস্ট) সারা দেশব্যাপী ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরে কারিনা পাল জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। এই সংবাদ পেয়ে সে আত্মহত্যা করেছে। 


খবর পেয়ে নিহতের বাড়িতে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেুিলম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান, গণিপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম প্রমূখ। ওই পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


এদিকে শিবগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে বিষপানে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।


স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারে, ইংরেজি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। অন্য সব বিষয়ে উত্তীর্ণ হলেও একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় হতাশ হয়ে সে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান।


হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, বেলা ২টা ৪০ মিনিটের দিকে হালিমাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।