রবিবার, আগস্ট ২৩, ২০২৬

এনটিআরসিএ থেকে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিবেদক ১০ আগস্ট ২০২৬ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ আগস্ট ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
এনটিআরসিএ থেকে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ আগস্ট) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।


এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা না মেধা, মেধা মেধা’, ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘শিক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আব্বা না মেধা, মেধা মেধা’, ‘মামা না মেধা, মেধা মেধা’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘২৪-এর হাতিয়ার, জেগে উঠুক আরেকবার’ ও ‘জুলাইয়ের হাতিয়ার, জেগে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।


বিক্ষোভ মিছিল শেষে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, শিক্ষামন্ত্রী আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়েছেন যে এনটিআরসির মাধ্যমে আর শিক্ষকদের নিয়োগ করা হবে না; বরং সংশ্লিষ্ট স্কুল-কলেজের গভর্নিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আজকে সেই দুর্নীতি ও স্বজনপ্রীতির নতুন অধ্যায় চালু করার যে পাঁয়তারা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন করছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই—২৪-পরবর্তী বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান দেওয়া হবে না।


তিনি আরও বলেন, তারেক রহমানকে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। যদি না আসেন, তাহলে এই অথর্ব শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে বাধ্য হবে ছাত্র-জনতা। তারপরও যদি সরকারের টনক না নড়ে, সরকার যদি শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হয়, তাহলে এই সরকার পতনের আন্দোলন করতে হবে। আমি সরকারকে বলতে চাই, জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন।


রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা থেকে বাংলাদেশের মানুষের মনোযোগ সরিয়ে ছাত্রসমাজকে আন্দোলনের মুখোমুখি করার জন্য আপনারা শিক্ষা ব্যবস্থা নামের একটি সুন্দর এনটিআরসিএর পরিবর্তে কমিটির হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাচ্ছেন। আমরা বলতে চাই, অতীতে আপনারা কীভাবে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন, তা আমরা দেখেছি। এই কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হলে বাংলাদেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আমরা জানি, কমিটির মাধ্যমে কীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।


তিনি আরও বলেন, আজকের বাংলাদেশের শিক্ষামন্ত্রী একজন অযোগ্য শিক্ষামন্ত্রী। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, নয়তো এ দেশের ছাত্রসমাজ তাকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করবে।


বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।