রাজশাহীতে দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটি।
শুক্রবার (১৪ আগস্ট) রাজশাহী নগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এবং ‘গাহি সাম্যের গান’ এই প্রতিপাদ্যে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আয়োজনের শুরু হয় সকাল ১০টা থেকে। শিশু-কিশোরদের নজরুল সঙ্গীত প্রতিযোগিতা ও দিনব্যাপী বইমেলা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেল সাড়ে ৩টায় শুরু হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির সাম্যবাদী চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য, কমলা হক ডিগ্রি কলেজের অধ্যাপক রতন কুমার ভট্টাচার্য এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ আজাদ।
আলোচনা সভা শেষে নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং খেলাঘরের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ নজরুল সঙ্গীত পরিবেশিত হয়।