বগুড়ায় ডিবি সেজে সিএনজি চালককে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার
বগুড়ায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক সিএনজি অটোরিকশাচালককে অপহরণ, বিবস্ত্র করে নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অভিযান চালিয়ে জখম অবস্থায় অপহৃত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার শেরেবাংলা নগরের একটি দোতলা বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়ার মো. বাদশা মিয়ার ছেলে মো. সজীব আহম্মেদ (৩২), শহরের মালগ্রাম উত্তরপাড়ার মো. মামুন শেখের ছেলে মো. সোহান শেখ (১৮) ও শিবগঞ্জ উপজেলার কামতারা পশ্চিমপাড়ার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে মো. লজিম প্রামাণিক (৪০)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ জানায়, গত বুধবার (১২ আগস্ট) রাতে সিএনজিচালক রফিকুল ইসলামকে (৪৩) একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে পুরান বগুড়ার একটি বাসায় আটকে রেখে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানো হয়। এ সময় চালকের কাছে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেয় অপহরণকারীরা।
এরপর রফিকুলের স্ত্রী হাজেরা বেগমের ফোনে কল দিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় অপহরণকারীরা। রফিকুলকে আদালতের মাধ্যমে চালান করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনেরা টাকা দিতে না চাইলে ফোনে রফিকুলের কান্নাকাটি ও চিৎকার শোনানো হয়। নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ডিবি অফিসে উপস্থিত হয়ে মৌখিকভাবে বিষয়টি জানান চালকের স্ত্রী হাজেরা বেগম।
অভিযোগের ভিত্তিতে পলাতক আসামি মেহেদী হাসান শিহাবের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে জখম অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও গ্রেফতার আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ছিনতাইকৃত ও আদায় করা নগদ ২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, ভুয়া ডিবি পরিচয়ে সংঘটিত এই অপহরণের ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেফতার লজিম প্রামাণিকের বিরুদ্ধে আদালতে আগে থেকেই চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।