আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
এ সময় উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন , যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিএনপি পরিবারের সদস্য, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ৩০ আগস্ট পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।