নগরীতে ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৬ আগস্ট রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট সংলগ্ন চামড়া পট্টি ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উপশহর নিউমার্কেট এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে মো: মারুফ ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে মতিহার থানা পুলিশ চরসাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: ইউসুফের ছেলে মো: মাসুদ রানা (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মতিহার থানা পুলিশ মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কিসমত কুখন্ডী গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: শুভ (২৯)-কে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।