শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে সাপের ছোবলে নিভে গেল যুবকের প্রাণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
বদলগাছীতে সাপের ছোবলে নিভে গেল যুবকের প্রাণ

নওগাঁর বদলগাছী উপজেলায় সাপের দংশনে মানিক হোসেন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ধানখেত থেকে বাড়ি ফেরার পথে পাকা সড়কে ওঠার সময় তাঁকে বিষধর সাপে দংশন করে। পরে স্বজনেরা তাঁকে ওঝার কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত মানিক হোসেন উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের মৃত মংলার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ধানখেতে কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন মানিক হোসেন। পাকা সড়কে ওঠার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। সাপের দংশনের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে পাশের উপজেলা আক্কেলপুর এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে স্বজনেরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়। মানিক হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। 


স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে সাপে কাটার পর অনেকেই প্রথমে ওঝার কাছে নিয়ে যান। এতে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের লোকজন দাফন সম্পূর্ণ করেছে।