দুর্গাপুর ইউএনও পরিদর্শনে গিয়ে দেখলেন তিন স্কুল তালাবন্ধ, ব্যবস্থা গ্রহণের নির্দেশ
রাজশাহীর দুর্গাপুরে সরকারি কর্মঘণ্টায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা ও দুর্গাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম আকস্মিকভাবে পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সরকারি কর্মঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানগুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার কথা থাকলেও তা যথাযথভাবে পালন করা হচ্ছে না বলে পরিদর্শনে বিষয়টি উঠে আসে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বিষয়টি আমলে নিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজেও এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারখানা হলো স্কুল-মাদ্রাসা। পাঠদানে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। কর্মঘণ্টায় বন্ধ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান ও শিক্ষকদের দায়িত্ব পালনে শৃঙ্খলা আরও জোরদারে সকল শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং অব্যাহত থাকবে।