শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার

শিবগঞ্জ সংবাদদাতা ১৮ আগস্ট ২০২৬ ১২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ সংবাদদাতা ১৮ আগস্ট ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির অভিযোগে মো. সদের আলী (৩৮) নামে এক ব্যবসায়ীকে পুলিশ  গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।  ১৭আগষ্ট সোমবার দিবাগত রাতে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  ঝিলিম ইউনিয়নের 


আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্সে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল কীটনাশক তৈরির সময় সদের আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


অভিযানে দোকান ও সংলগ্ন গোডাউন থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাতকরণের মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।


অভিযানকালে দোকানের স্টক রেজিস্টারের সঙ্গে প্রকৃত মজুদের ব্যাপক অমিল এবং পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টার না থাকার বিষয়টি ধরা পড়ে।


উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে এবং আসামির স্বীকারোক্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা  করেন। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জব্দ সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।


কৃষি উপকরণে ভেজাল, অবৈধ উৎপাদন ও অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।