পুঠিয়ায় অবৈধ সার মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযানকালে কীটনাশকের লাইসেন্স নিয়ে অনুমোদনবিহীনভাবে সার মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে মজুত করা ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা, সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি, ভবিষ্যতেও অবৈধভাবে সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।