শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

নাটোরে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন
নাটোরে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

নাটোরে দেশব্যাপী নারীর প্রতি অব্যাহত সহিংসতা, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নাটোর জেলা শাখা।


মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি শ্যামা বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এতে বক্তব্য দেন, মহিলা পরিষদের  স্থানীয় প্যানেল এ্যাডঃ খগেন রায়, এ্যাডঃ আব্বাস আলী, আলো সংস্থা’র নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের ভয়েজ ফর চেঞ্জ প্রকল্পের  জেলা সমন্বয়কারী শাহিনা লাইজু, মহিলা পরিষদের লিগ্যাল এইডস সম্পাদক বিজলী রেজাসহ অন্যরা । অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের  ভারপ্রাপ্ত সম্পাদক  শাহানা আফরোজা শিল্পী ।    


এসময় বক্তারা বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ২৫৮ জন নারী এবং ৮৩টি কন্যাশিশু হত্যার শিকার হয়েছে বলে এক পরিসংখ্যানে তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ উল্লেখ করে। 


এই সাত মাসে যে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে, তার মধ্যে ৬৩টি ঘটনা ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার সঙ্গে সম্পর্কিত। অন্যান্য হত্যাকাণ্ডের পেছনে জমিজমা, মামলা-মোকদ্দমা ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন কারণ রয়েছে। দেশের সব সংবাদমাধ্যমের তথ্য পাওয়া গেলে নারীর প্রতি সহিংসতার প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে।


এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।