‘ছাত্রদলের সাবেক নেতা’ বাপ্পিকে ছেড়ে দেয়ার প্রতিবাদে থানা ঘেরাও : সড়কে ফুটবল খেলে অবরোধ
পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় মাথায় বেঁধে প্রকাশ্যে অস্ত্র হাতে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে মহড়া দেওয়া ছাত্রদলের সাবেক নেতা পরিচয় দানকারী জুবায়ের হোসেন বাপ্পিকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তারা ঈশ্বরদী থানার সামনের সড়কের একপাশে রাস্তায় বসে এবং অপরপাশে ফুটবল খেলার মধ্য দিয়ে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখে। এসময় ঈশ্বরদী শহরের চারপাশের সব রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে উভয় প্রান্তে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা দীর্ঘ সময় রাস্তায় জমায়েত করে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, শরিফুল ইসলাম তুহিন, ইমরুল কায়েস সুমনসহ কয়েকজন নেতার বিরুদ্ধে শ্লোগান দেয়। এসময় জুবায়ের বাপ্পিকে থানা থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার জন্য ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমানের বিরুদ্ধেও শ্লোগান দেয় তারা। রাত আটটার দিকে বিএনপির কয়েকজন নেতারা থানায় এসে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও থানার ওসি আশাদুর রহমানের সঙ্গে আলোচনা করে অবরোধ স্থগিত করেন। তবে নের্তৃবৃন্দ থানা থেকে বের হয়ে থানা গেটের সামনে পথসভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রশাসনের ভুমিকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছি কিন্তু আন্দোলন থেকে সরে যাবো না।
এসময় বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, মাহমুদুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ। মেহেদী হাসান বলেন, আমরা পুলিশ প্রশাসনের ভুমিকায় হতাশ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে সড়ক ছেড়ে চলে যাচ্ছি তবে জনগণের স্বার্থে আন্দোলন অব্যাহত থাকবে।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, জুবায়ের হোসেন বাপ্পিকে প্রধান আসামী করে ঈশ্বরদী থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগ থানার সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাকে পাবনা গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করার পর ডিবি পুলিশ মুচলেকা নিয়ে রাতেই তাকে ছেড়ে দেয়।
প্রসঙ্গত : সোমবার শহরের কলেজ রোডে তার বাড়ি থেকে অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে পায়ে হেঁটে শহরের ২ কিলোমিটার পথে মহড়া দেয় জুবায়ের বাপ্পি।