শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

সিরাজগঞ্জে যুবদল নেতাকে হত্যার মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

সোনার দেশ ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৯:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
সিরাজগঞ্জে যুবদল নেতাকে হত্যার মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
রায়ের পর আদালতে বিক্ষোভ করে নিহতের স্বজনরা।

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদককে হত্যার মামলায় তার স্ত্রীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন বলে জানান অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) শামসুজ্জোহা শাহানশাহ।


সাজাপ্রাপ্ত দুজন হলেন- যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি এবং শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের মনিরুল ফকির। তিথি ও মনিরুলের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।

রায় ঘোষণার সময় মনিরুল আদালতে উপস্থিত ছিলেন। তবে তিথি জামিনে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি- পাবনার আটুয়া হাউজপাড়ার পিয়াস হোসেন ও শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রাশিদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।


তাদের খালাস দেওয়ার প্রতিবাদে নিহতের স্বজনরা আদালতে বিক্ষোভ করে। পরে পুলিশ ও আইনজীবীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


মামলার বরাতে পিপি বলেন, ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন সেলিম রেজা সুজন। ওই সময় তার স্ত্রী তিথি ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ঘরের সামনের দরজা বন্ধ করে পেছনের দরজা খোলা রেখে যান।


পরে মনিরুল ফকির ওই দরজা দিয়ে ঘরে ঢুকে সুজনকে গলা কেটে হত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিথিকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করে।

এ ঘটনায় সুজনের মা মাজেদা খাতুন সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় তিথি ও মনিরুলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।


পরে দীর্ঘ বিচারকাজ শেষে আদালত দুই আসামিকে যাব্বজীবনের সাজা দেন। একই সঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুজ্জোহা শাহানশাহ।


তথ্যসূত্র: বিডিনিউজ