রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বালুবোঝাই ড্রামট্রাক উল্টে গেল আইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক ১৮ আগস্ট ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ আগস্ট ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
বালুবোঝাই ড্রামট্রাক উল্টে গেল আইল্যান্ডে

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে চালক ও তার সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে ৬টার  দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বালুবোঝাই ড্রাম ট্রাকটি সড়কদ্বীপের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা আহত চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।


দুর্ঘটনায় ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠে যাওয়ায় বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙে পড়ে। একই সঙ্গে ট্রাকের বালু সড়কে ছড়িয়ে পড়ায় মহাসড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সড়ক থেকে বালু সরিয়ে ফেলে। পরে পুলিশের রেকার দিয়ে ট্রাকটি টেনে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।


এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, থানার কাছেই বায়া মোড় মহাসড়কে ড্রাম ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও তার সহকারী আহত হয়েছেন।


তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকটি সরিয়ে নেওয়ায় বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।