নগরীতে নিজেদের বৈধ জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন
রাজশাহীতে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে। দলিলসূত্রে জমির মালিকদের ওয়ারিশগণ নিজেদের বৈধ জমি ফিরে পাওয়ার দাবিতে এ মানববন্ধন করে। জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী নগরীর কয়েরদাড়া এলাকায় সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ ও বিবাদমান জমির পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে অংশ নেয়া নারী-পুরুষদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া ওয়ারিশরা অভিযোগ করে বলেন, তাদের পৈতৃক ও বৈধ মালিকানাধীন জমিগুলো দীর্ঘদিন ধরে সুজাউদ্দৌলা গং ভূমিদস্যুদের দখলে রয়েছে। তারা নিজেদের জমির দখল বুঝে নিতে গেলে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হয়। এমনকি গুলি করে ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় বৈধ দলিলপত্র তাদের কাছে রয়েছে। এরপরও তারা নিজেদের জমি ভোগদখল করতে পারছেন না। এছাড়াও নিজেদের জমি হারিয়ে বর্তমানে তাদের কেউ কেউ বস্তিতে বসবাস করছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন।
তারা আরও বলেন, কোনো পক্ষের সঙ্গে বিরোধ নয়, তারা নিজেদের বৈধ সম্পত্তির অধিকার ফিরে পেতে চান। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।